জাতির পিতার পরিবারের সদস্যরা পাবেন এসএসএফের নিরাপত্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা এখন থেকে সবসময় স্পেশাল সিকিউরিটি ফোর্সের ( এসএসএফ ) নিরাপত্তা পাবেন। মন্ত্রিপরিষদ বৈঠকে স্পেশাল সিকিউরিটি ফোর্স ( এসএসএফ ) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের কারণে ক্ষমতায় না থাকলেও শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যরা এই নিরাপত্তা সুবিধা পাবেন।

সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, ৮৬ সালের অধ্যাদেশ অনুযায়ী এসএসএফ পরিচালিত হইয়ে আসছিল। তবে সামরিক সরকারের অধ্যাদেশ আইনে পরিবর্তন করার জন্য আদালতের রায় রয়েছে। সেই রায় বাস্তবায়ন করতে গিয়ে এটিকে আইনে পরিবর্তন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইনে নতুন করে যুক্ত করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিদেশি গুরুত্বপূর্ণ মেহমানদের দৈহিক নিরাপত্তা দেবে এসএসএফ। এর বাইরে জাতির পিতার পরিবারের সদস্যদেরকেও দৈহিক নিরাপত্তা দেবে এই বিশেষ বাহিনী।

তিনি জানান, জাতির পিতার পরিবারের সদস্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে, তাদের সন্তান ও তাদের সন্তানরা বিশেষ বাহিনীর এ নিরাপত্তা সুবিধা পাবেন।