গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গাজীপুরের আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনেরই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শতভাগ।
বুধবার (৩০ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মৃত চারজনই পুরুষ। এরমধ্যে দুইজন সদর এবং দুইজন কালিয়াকৈরের বাসিন্দা। দুইজন ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পাঠানো হয়েছে ৩৪৭ জনের। এরমধ্যে নমুনা পরীক্ষার পর ফলাফল পাওয়া গেছে ২২ জনের। এই ২২ জনই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সে হিসেবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শতভাগ। বাকী ৩২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমান রয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ হাজার ২৯২ জনের। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ৬১৩ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৪০ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯২১ জন। ৩২৫ জনের নমুনা পরীক্ষা ও ফলাফল অপেক্ষমান রয়েছে।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৯ জন, কাপাসিয়ায় ৫ জন, শ্রীপুরে ৪ জন, কালিয়াকৈরে ৩ জন এবং কালীগঞ্জে ১ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ২১৭ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৩৯৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ৩০৬ জন, কালীগঞ্জে ৮৯০ জন এবং কাপাসিয়ায় ৮০৪ জন।”