কালীগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নির্বাচন অফিসের কর্মচারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটসাইকেল আরোহী নির্বাচন অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোটসাইকেল চালক।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নাগরী-কালীগঞ্জ সড়কের মধ্যে চুয়ারিখোলা এলাকার এ দুর্ঘটনা ঘটে। 

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল সালাম।

নিহতের নাম আজমত আলী(৩৩)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পেস্তক গ্রামের আক্কেল আলীর ছেলে। আজমত আলী উত্তরা থানা নির্বাচন অফিসে ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উত্তরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আহতের নাম উজ্জ্বল (৩৪)। তিনি উত্তরা আজমপুর মোল্লার টেক এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, শুক্রবার সকালে আজমত আলী ও উজ্জ্বল উত্তরা থেকে নরসিংদীর রায়পুরা যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে রওনা হয়। মোটরসাইকেল চালক ছিলেন উজ্জ্বল আর মোটরসাইকেলের আরোহী ছিল আজমত আলী। সকাল সাড়ে এগারোটার দিকে কালীগঞ্জ-নাগরী সড়কের মধ্যে চুয়ারিখোলা এলাকায় পৌঁছালে বিপরিত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজম আলীকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মানষী বলেন, দুপুর পৌণে বারোটার সময় আজমত আলীকে মৃত অবস্থায় এবং উজ্জ্বলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে উজ্জ্বলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল সালাম বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে মধ্যে চুয়ারিখোলা এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী উত্তরা নির্বাচন অফিসের কর্মচারী আজমত আলীর মৃত্যু হয়। এছাড়াও দুর্ঘটনায় আহত হয় মোটসাইকেল চালক উজ্জ্বল। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।