গাজীপুরে লবন্দহ খালের পানিতে ডুবে তিন ছাত্রীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় লবন্দহ খালে গোসলে নেমে পানিতে ডুবে তিনজন ছাত্রীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে এক ছাত্রী।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পাইনশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে স্থানীয় জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী রিচি আক্তার (১৫), মঞ্জুর হোসেনের মেয়ে একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মায়া আক্তার (১৪) এবং একই গ্রামের হায়েত আলীর মেয়ে পুকুরপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার (১৪)। এ ঘটনায় সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী। নিখোঁজ রিয়া আক্তার মৃত রিতি আক্তারের ছোট বোন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে চার ছাত্রী পাইনশাইল এলাকায় একটি খালে গোসল করতে যায়। এসময় তারা চারজন খালের পানিতে সাঁতার কাটছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে রীতি আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই সময় স্থানীয়রা অন্য তিন ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করে এবং টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেয়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে আইরিন আক্তারকে এবং বিকেল ৪টার দিকে মায়া আক্তার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্য ছাত্রীকেও উদ্ধারের চেষ্টা করছে ডুবুরিরা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল জলিল জানান, প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ডুবুরি মিরাজ দুই ছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রিয়া আক্তারকে পাওয়া যায়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।