কালীগঞ্জের মা-মেয়ের গলাকাটা লাশ মিলল গাজীপুরে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাড়ি কালীগঞ্জের নরুন এলাকায়।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার নরুন বাজার এলাকার বরাইয়ার বাছির মিয়ার মেয়ে ফেরদৌসী বেগম (২৬), ও ফেরদৌসীর মেয়ে তাসনিয়া (৪)। নিহত ফেরদৌসী সন্তান নিয়ে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে শহরের উত্তর হাড়িনাল এলাকার সেকান্দর আলীর বাসায় ভাড়া থাকতেন। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স কম্পানির গাজীপুর চৌরাস্তা শাখার ফিল্ড সুপারভাইজার ছিলেন তিনি।

জিএমপি’র সদর জোনের সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার বলেন, দেশিপাড়া এলাকাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে রাত দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাদের গলা কেটে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে খুনি।

জিএমপি’র উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, ফেরদৌসীর বছর দশেক আগে প্রথম বিয়ে হয়। কয়েক বছর পর ছাড়াছাড়ি হয়। বছর দুই আগে দেশিপাড়া এলাকার জয়নাল আবেদীন নামে এক গাড়িচালকের সঙ্গে ফেরদৌসীর আবার বিয়ে হয়। তাসনিয়া প্রথম পক্ষের সন্তান। ঘটনার তদন্ত চলছে।