গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে একটি পোশাক কারখানায় অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন এবং কয়েকটি কারখানায় ভাঙচুর চালান।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নারী শ্রমিক লিজা বেগম (৩৭)। পরে সহকর্মীরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলাবানিয়া গ্রামের বাসিন্দা লিজা বেগম শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকায় ভাড়া বাসায় থেকে ওই কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
সহকর্মীরা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, লিজা বেগম প্রায় দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতে তিনি সুপারভাইজারের কাছে ছুটির আবেদন করেন, কিন্তু ছুটি না পেয়ে কাজ চালিয়ে যেতে বাধ্য হন।
কালার অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) মো. শাহিদুল ইসলাম স্বীকার করেন যে একজন নারী শ্রমিক অসুস্থ অবস্থায় মারা গেছেন। তবে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, লিজা বেগম ছুটির আবেদন করেছিলেন কি না, সে বিষয়ে তাঁর জানা নেই। ঘটনার পর কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড, ট্রিপল অ্যাপারেলস, এমএসসি এবং ব্লু প্ল্যানেট নিটওয়্যার লিমিটেডসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভে যোগ দেন। তারা বরমী-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুর হয় এবং ট্রিপল অ্যাপারেলস কারখানার ভেতরে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও শিল্প পুলিশ একযোগে কাজ করছে।
শ্রীপুরের পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের এই ঘটনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও ছুটির অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।