গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নওগাঁর আদালতে মামলা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নাহিদ রনি (৩৬) নামের এক যুবক।
আদালত সূত্রে জানা যায়, নওগাঁর আমলি আদালত-৫-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে বলেন। ২০২২ সালের ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, মামলার বাদী নাহিদ রনি ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে জাহাঙ্গীর আলম ইতিহাস বিকৃত করেছেন। এ বক্তব্যের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে একজন সচেতন নাগরিক হিসেবে নাহিদ রনি মামলাটি করেছেন।
উল্লেখ্য: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গত ২৯ নভেম্বর (সোমবার) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
এর আগে গত ২৮ নভেম্বর (রোবাবার) গাজীপুরের চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালতে এক’শ কোটি টাকার মানহানির অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগরের নলজানি এলাকার মো: আতিক মাহমুদ ওরফে শাহ সুলতান আতিক (৩৬) বাদী হয়ে মামলা করেন।
এছাড়াও গত ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আখতার এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন।
এর আগে গত ২৩ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ মানবাধিকার সোসাইটি রাজবাড়ীর পৌরসভা শাখার সভাপতি শশি আক্তার বাদী হয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা করেন।
গত সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। গত ২৫ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আরো জানতে…………
সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার ‘ডিজিটাল নিরাপত্তা’ আইনে মামলা
এবার গাজীপুরেও সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার মাদারীপুর ও পঞ্চগড় আদালতে মামলা
মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার সোসাইটি’র মামলা