গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা বাইপাস সড়কে পূবাইলের আমতলি এলাকায় কন্টেইনার লরির (লং ভেহিক্যাল) চাকার নিচে চাপা পড়ে চালকের সহকারী এক যুবকের মৃত্য হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়ামিন (২২)। তিনি ভোলা সদর থানার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ইয়ামিন ওই লরি চালকের সহকারী ছিলো।
লরি চালক ভোলা সদরের বড় সামাইয়া এলাকার আঃ গনির ছেলে রহিম (৩৫)। তিনি সম্পর্কে নিহত ইয়ামিনের ভগ্নিপতি।
পুলিশ ও লরি চালক রহিম বলেন, চট্টগ্রাম থেকে গার্মেন্টসের পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে লরি চালিয়ে ঢাকা বাইপাস সড়ক হয়ে ঢাকার সাভারে যাচ্ছিল। পথে কাঞ্চন-ভোগড়া সড়কের পূবাইলের আমতলি এলাকায় পৌঁছালে রাস্তায় জট (জ্যাম) থাকায় গাড়ি কিছুটা ধীরগতিতে চলছিলো। সে সময় ইয়ামিন লরি থেকে নিচে নামে। সকাল সাড়ে আটটার দিকে সড়কে গাড়ির জট (জ্যাম) কিছুটা কমলে লরি সামনের দিকে যাওয়ার পথে ইয়ামিন দৌড়ে লরিতে উঠার চেষ্টা করে। সে সময় ইয়ামিন লরি থেকে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওই লরির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।