৬০০ কোটি ডলার ব্যয়ে চীনের সঙ্গে নতুন রেলওয়ে লাওসের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে সম্প্রতি নতুন একটি রেলওয়ে চালু করেছে লাওস। রাজধানী ভিয়েনতিয়েনের সঙ্গে চীনের কুনমিং শহরকে সংযুক্তকারী রেলওয়েটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০০ কোটি ডলার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে সংযোগ বৃদ্ধি করলেও দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি আরো ঋণভারে জর্জরিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

চলতি মাসে চালু হওয়া রেলওয়েটি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের সঙ্গে লাওসের রাজধানী শহরকে যুক্ত করবে। বৃহৎ পরিকল্পনার মধ্যে রয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরের সঙ্গে রেলপথ চালু।

নতুন রেলওয়ে উদ্বোধনের সময় লাওসের প্রেসিডেন্ট থংলাউন সিসুলিথ বলেন, আধুনিক অবকাঠামো উন্নয়নে এ রেলপথ নতুন যুগের সূচনা করবে। ২০২৭ সালের মধ্যে রেলওয়েটি মুনাফায় ফিরবে বলে আশা করছে সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, এ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের জন্য চীনের কাছ থেকে নেয়া বড় অংকের ঋণ পরিশোধ করা কঠিন হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউটের প্রতিবেদনে জোনাথন অ্যান্ড্রু লেন জানান, ৭০ লাখ জনসংখ্যার ক্ষুদ্র স্থানীয় বাজারকে কুনমিংয়ের সঙ্গে সম্পৃক্ত করতে বড় অঙ্কের অর্থ ব্যয় ভালো সিদ্ধান্ত বলে মনে করছি না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৩০ কোটি ডলার, যা দেশটির মোট জিডিপির তিন-চতুর্থাংশ। লাওস ঋণখেলাপির ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে লাওস চীনের স্যাটেলাইট রাষ্ট্র হওয়ার দিকে আরো এগিয়ে যাবে বলে মনে করেন সমালোচকরা। দেশটির মোট ঋণের ৪৭ শতাংশ চীনের।

লাওসের কমিউনিস্ট সরকারের নেতারা দেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে প্রতিবেশী দেশের বিশাল ভূমিকার কথা অকপটে স্বীকার করেন। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে বেইজিংয়ের কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণ করেছে লাওস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button