গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে এলিট ফোর্স হিসেবে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে উগ্রবাদ ও অপরাধ মোকাবেলায় কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই এলিট ফোর্সকে সংস্কারের কোনো প্রশ্নই আসে না।
নতুন দায়িত্ব গ্রহণের পর শনিবার (০১ অক্টোবর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কালে তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি কোনো সংস্কারের কারণ দেখি না। এর সংস্কারের ব্যাপারে আমরা কিছুই করছি না। আমরা আমাদের নির্ধারিত নিয়মে কাজ করছি। আমরা আইন লঙ্ঘন করে কিছু করি না। সেক্ষেত্রে সংস্কারের প্রশ্নই আসে না।’
এ সময় তিনি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা আরোর এটা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ নয়। সরকারের পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়েছে। এলিট ফোর্স আইন-শৃঙ্খলা রক্ষা এবং উগ্রবাদ, সন্ত্রাস ও মাদক মোকাবেলায় তাদের ভূমিকা অব্যাহত রাখবে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন।
র্যাবকে জোরপূর্বক গুম এবং ক্রসফায়ারের বেশ কিছু ঘটনার জন্য দায়ী করা হয়েছে। যদিও সংস্থাটি তাদের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’ এবং জার্মান থিঙ্ক ট্যাঙ্ক ‘ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং’ আয়োজিত এক আলোচনা সভায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, র্যাব ও এর সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য তাদের শাস্তি দেয়া নয়; বরং তাদের আচরণ পরিবর্তন এবং জবাবদিহি করা।