নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে সবুজ বার্নার্ড ঘোষাল (৩৫) নামে এক পোশাক শ্রমিককে হত্যার পর টুকরো টুকরো করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পানজোড়া এলাকার একটি ডোবা ও জঙ্গল থেকে তার দেহের সাত টুকরো উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পায়ের এক অংশের সন্ধান মেলেনি।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেল থেকে তার সন্ধান পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধারের জন্য কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
লাশ উদ্ধারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন।

নিহত সবুজ বার্নার্ড ঘোষাল নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার অমূল্য বার্নার্ড ঘোষালের ছেলে। সে পানজোড়া এলাকার “পূর্বাচল এপারেলস লিমিটেড” নামে একটি পোশাক কারখানায় কোয়ালিটি চেকার (কিউসি) হিসেবে কর্মরত ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মরত থাকা অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টা ৬ মিনিটে সবুজ বার্নার্ড পূর্বাচল অ্যাপারেল লিমিটেড পোশাক কারখানা থেকে বের হয়। এরপর সে আর কারখানায় বা তার বাড়িতে ফেরেনি। পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় (জিডি নাম্বার ১৩৭৪)। শনিবার সকালে স্থানীয়রা ওই কারখানা সংলগ্ন একটি ডোবায় অজ্ঞাত দেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল অ্যাপারেল লিমিটেডের দক্ষিণ দিকের ডোবা থেকে দেহের কোমরের নিচের অংশ এবং উত্তর দিকের একটি জঙ্গল থেকে দুই হাত উদ্ধার করে। পরে দিনব্যাপী ওই এলাকার চারদিকে সন্ধান করে একে একে আরো চার টুকরো উদ্ধার করে পুলিশ। এর মধ্যে মাথা, কোমর ও এক পায়ের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। এখনো এক পায়ের সন্ধান মেলেনি। বিকেলে মুখমণ্ডল উদ্ধারের পর লাশের পরিচয় শনাক্ত করে সবুজ বার্নার্ডের স্বজনরা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, খন্ডিত লাশের একাধিক টুকরো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।