বেসরকারি প্রতিষ্ঠান দখলের চেষ্টা, বেতন কমলো পুলিশ সুপারের!

বেসরকারি প্রতিষ্ঠান দখলের চেষ্টা, বেতন কমলো পুলিশ সুপারের!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিধি-বহির্ভূতভাবে বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে তা দখলে নেওয়ার চেষ্টা করায় একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে গুরুদণ্ড দেওয়া হয়েছে। তার বেতন নিম্নতম গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী এসবির বিশেষ পুলিশ সুপারের দায়িত্বে থাকাকালে এ কাণ্ড ঘটিয়েছেন। তাকে তিন বছরের জন্য ‘নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ’ গুরুদণ্ড দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বুধবার (০২ আগস্ট) মন্ত্রণালয়ের ওয়েভসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ৩১ জুলাই জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহিম শাহ চৌধুরী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাজশাহীর বালিয়াপুকুর দেবীসিংপাড়ার জার্মিনেট প্লাজায় ‘মমতা নার্সিং ইনস্টিটিউট’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ভঙ্গ করেছেন। একই সঙ্গে চেয়ারম্যান ও ভবন মালিক হিসেবে ৩০ শতাংশ অংশীদার দাবি করা, মমতা নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে মতপার্থক্য তৈরি করা ও তা দখল নেওয়ার চেষ্টারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ প্রতিষ্ঠানের (মমতা নার্সিং ইনস্টিটিউট) সদস্যদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তাকে কারণ দর্শানো হয়। ব্যক্তিগত শুনানির পর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এক্ষেত্রেও অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালা অনুসারে তাকে আগামী তিন বছরের জন্য ‘নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপন