প্রায় ১৬ বছর পর স্বর্ণ নিলামে তুলল বাংলাদেশ ব্যাংক

প্রায় ১৬ বছর পর স্বর্ণ নিলামে তুলল বাংলাদেশ ব্যাংক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিভিন্ন মানের ২৫ কেজি ৩১২ গ্রাম স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (৩ এপ্রিল) নিলামের মাধ্যমে ভেনাস জুয়েলার্সের কাছে ১৭ কোটি ৯৯ লাখ টাকায় এ স্বর্ণ বিক্রি করা হয়েছে। প্রায় ১৬ বছর পর নিলামে স্বর্ণ বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে এ স্বর্ণ বিক্রির জন্য ২০২২ সালের নভেম্বরে নিলাম ডেকেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন উপযুক্ত দরদাতা না পাওয়ায় শেষ পর্যন্ত আর স্বর্ণ বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সংবাদ মাধ্যমকে বলেন, ‘বুধবার শুল্ক গোয়েন্দাদের জব্দ করা স্বর্ণ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বিক্রি করে ১৭ কোটি ৯৯ লাখ টাকা কাস্টমসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। দ্বিতীয়বার নিলামের মাধ্যমে এ স্বর্ণ বিক্রি করা হয়েছে।’

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালের ২৩ জুলাই নিলামের মাধ্যমে ২১ কেজি ৮২২ গ্রাম স্বর্ণ বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই বছরের শুরুর দিকে তিন ধাপে আরও ২৫, ২১ ও ২০ কেজি স্বর্ণ বিক্রি করা হয়।