বিএমইটির ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আবাসন ঝুঁকিতে ২০ বাংলাদেশি

বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।

বিএমইটির ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আবাসন ঝুঁকিতে ২০ বাংলাদেশি

গাজীপুর কণ্ঠ ডেস্ক

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বৈধ ছাড়পত্র নিয়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে লাওসে গিয়ে প্রতিশ্রুত কোম্পানি খুঁজে পাননি ২০ বাংলাদেশি কর্মী। দেশটিতে পৌঁছানোর পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের কোনো কাজ দেওয়া হয়নি।

বর্তমানে তারা তীব্র খাদ্য, অর্থ ও আবাসন সংকটে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।

বাসাভাড়া পরিশোধ করতে না পারা সোমবার (২৩ নভেম্বর) তাদের বাসা থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। ফলে বিদেশের মাটিতে আজ রাত থেকেই এই কর্মীদের আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় জরুরি হস্তক্ষেপ, কর্মীদের নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা এবং প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।

ভুক্তভোগী কর্মীদের অভিযোগ অনুযায়ী, মেসার্স টি.কে এন্টারপ্রাইজ লাওসের ‘সাউদার্মানি সোল কো. লিমিটেড’-এর নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরবর্তী সময়ে মেসার্স টি.কে এন্টারপ্রাইজ ও শাইনিং ওভারসিজ এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।

ভুক্তভোগীরা জানান, বিদেশে পাঠানোর আগে তাদের লাওসের ‘রেডিশন রেস্টুরেন্টে’ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর কোম্পানি ও কাজ না পেয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। তাদের অভিযোগ, লাওসে থাকা বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাদের রাজধানী ভিয়েনতিয়েনের পার্শ্ববর্তী একটি বাসায় রেখে চলে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কর্মসংস্থান, ভরণপোষণ ও নিরাপদ আবাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বর্তমানে চরম অর্থ ও খাদ্য সংকটে থাকা এই কর্মীদের আশ্রয়ের জন্য ব্যবহৃত বাসার ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক আজই বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন। কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমানো এই মানুষগুলো এখন নিরাপদ আশ্রয়, খাবার ও দেশে ফেরার নিশ্চয়তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, বাংলাদেশে অবস্থানরত মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের জানানো হয়, সংশ্লিষ্ট এজেন্সি অর্থ পরিশোধ না করায় কর্মীদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি কাজ পেতে হলে তাদের নতুন করে অর্থ দিতে বলা হচ্ছে। অথচ বিদেশে কর্মসংস্থানের জন্য এরই মধ্যে প্রত্যেক কর্মী প্রায় ৬ লাখ টাকা করে ব্যয় করেছেন। নতুন করে অর্থ দেওয়ার এই চাপ তাদের সংকট আরও গভীর করেছে।

এদিকে কর্মসংস্থান ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়ায় কিছু কর্মী বাধ্য হয়ে অনিরাপদ ও অনিয়মিতভাবে কাজ খোঁজার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এতে তারা স্থানীয় আইনগত জটিলতা, শোষণ এবং পুনরায় মানবপাচারের ঝুঁকিতে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।

এ বিষয়ে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি মো. আল-আমিন নয়ন সংবাদ মাধ্যমকে বলেন, ‘মানুষ জীবিকার আশায় বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান। কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ বা কোম্পানি না পান, খাবার ও থাকার জায়গা হারানোর ভয় থাকে, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, এই কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করা হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।’

প্রতিমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে অনির্বাণ জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে ভুক্তভোগীদের বর্তমান অবস্থা যাচাই, নিরাপদ আবাসন ও খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুত কর্মসংস্থান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে।

একই সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের দেওয়া ৬ লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া আবেদনে টি.কে এন্টারপ্রাইজ, শাইনিং ওভারসিজ এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

অনির্বাণের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার ব্যক্তিদের দ্রুত সুরক্ষা দেওয়া শুধু মানবিক দায়িত্বই নয়, বরং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অসাধু নিয়োগকারী ও মধ্যস্থতাকারীদের জবাবদিহির আওতায় আনার জন্যও জরুরি।