আশুলিয়ায় লাশ পোড়ানো পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেপ্তার

আশুলিয়ায় লাশ পোড়ানো পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের দিন গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে সমালোচনা হয়।

এরপর আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের বরাতে জানায়, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। পরে আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে লাশের ওপর কয়েকটি লাশ তোলা হচ্ছে। রাস্তায় পড়ে থাকা লাশগুলো পুলিশ ভ্যানের ওপর তুলছে। ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে অনেকে জানান এটি আশুলিয়া থানার সামনের ভিডিও। সেখানে এক পুলিশ সদস্যকে দেখা যায়। পরে জানা যায়, তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির ঘটনা তদন্তে ১ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত এসপি ও ডিবি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে, ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর তাদের দেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফীকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশ ছাড়ার চেষ্টার সময় গত ২ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।