গাজীপুর কণ্ঠ ডেস্ক : ধর্ষণের অভিযোগ উঠার পর অবশেষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
রোববার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এই সিদ্ধান্ত অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
https://www.youtube.com/watch?v=dDB0CXaYdP0
জানা গেছে, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে (২৭) বিয়ের প্রলোভনে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক ও বর্তমানে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে আছেন।

অভিযোগের বিষয়ে ভিডিও সাক্ষাৎকারে ভিকটিম বলেন, ইমরান হোসেন শিশিরের সঙ্গে ছয় বছর আগে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন শিশির। গত ছয় বছরে তারা একসঙ্গে কক্সবাজারসহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে নিয়ে যান। ওই সময়ে আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন একান্ত ভিডিও এবং খুবই ঘনিষ্ঠ কিছু স্থিরচিত্র সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।