গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অটোরিকশা চাপায় নাফিজ উদ্দিন আহম্মেদ খান (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের আজমতপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ উদ্দিন আহম্মেদ খান আজমতপুর এলাকার লেহাজ উদ্দিন খানের ছেলে। সে আজমতপুর হাফিজিয়া মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র।
ঘাতক অটোরিকশার চালক পাশ্ববর্তী কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর ফরাজী (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছুটির পর রোববার সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে দিয়ে বাড়ি ফিরছিলো শিশু শিক্ষার্থী নাফিজ। পথে আজমতপুর চৌরাস্তা এলাকা অতিক্রম সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করেছেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ফারুক খান ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম ।