বিশেষ প্রতিনিধি : গাজীপুরে এ বছর ৮ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ) গাজীপুর সিভিল সার্জন অফিস এবং গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পৃথক ওরিয়েন্টেশন সভায় সাংবাদিকদের এ তথ্য জানায়।
জানা গেছে, আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পইনে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের ৮ জোন এলাকায় ২ লাখ ৭৫ হাজার ১৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ২৪৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪২ হাজার ৯৩১ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। এর ক্যাম্পেইন পরিচালনার জন্য সিটি করপোরেশন এলাকায় ৪০৮ টি কেন্দ্র, ১৩০ জন স্বাস্থ্যকর্মী, ৮১৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। এছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ভাসমান শিশুকে ১৩টি মোবাইল কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টেশন সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল লতিফ খান, সিটি করপোরেশনের সচিব নমিতা দে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলার পাঁচটি উপজেলা ও ৪৫টি ইউনিয়ন, তিনটি পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের দুইটি জোন এলাকায় ৬ লাখ ৩৫ হাজার ৯৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৪ হাজার ৫২০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা পাঁচ লাখ ৬১ হাজার ৪৪৭ জন। মোট ১ হাজার ৪২৬টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এ ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।