গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে একযোগে বৃক্ষরোপণ

জুলাই ’২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগেও ভেষজ ও ফুলজাতীয় গাছের চারা রোপণ করেছে গাকৃবি কর্তৃপক্ষ।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে একযোগে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ছয়টি আবাসিক হলে একসাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। এরপর একে একে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে গাছ লাগানো হয়। প্রতিটি হল প্রাঙ্গণে রোপণ করা হয় উন্নত জাতের ফলদ বৃক্ষের চারা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার উদ্যোগ নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। তিনি বলেন, কৃষি, পরিবেশ ও মানুষের কল্যাণকে একসূত্রে গেঁথে সরকার ঘোষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী, সদস্যসচিব অধ্যাপক ড. মো. আবিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, জুলাই ’২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগেও ভেষজ ও ফুলজাতীয় গাছের চারা রোপণ করেছে গাকৃবি কর্তৃপক্ষ।