নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ মার্চ) দুপুরে জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের অনুমোদন ছাড়াই কলাপাটুয়া এলাকায় বসতবাড়িতে সাইনবোর্ড লাগিয়ে ‘জরিনা ক্লিনিক’ নামে একটি প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্যসেবার নামে ব্যবসা পরিচালনা করছিলেন কলাপাটুয়া এলাকার জসিম আকন্দের স্ত্রী জাকিয়া (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ অভিযান পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা পান। সে সময় বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন জাকিয়া। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।