গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৪

গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিলের সময় বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় এসব লুটপাটের ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী গাছা থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান (অনিক) (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরীয়তপুর জেলার নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।

মঙ্গলবার (৮ এপ্রিল) গাছা থানায় এক সংবাদ সম্মেলনে জিএমপি’র সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম বলেন, “সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলের আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট ও ক্ষতিসাধন করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতকারীদের সনাক্ত করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের সনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।