নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৭ এপ্রিল) পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকার শ্যামলাল রবিদাসের ছেলে ফালান রবিদাস (৬০) এবং জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা এলাকার মৃত নগেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (২৪)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে হরিদেবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফালান রবিদাসকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার সহযোগী কানাই, দিলিপ রবিদাস, সুজন রবিদাস ও পরিমল রবিদাস পালিয়ে যায়। পরে ফালানের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিন সন্ধ্যায় এসআই ইব্রাহিম শেখের নেতৃত্বে জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা ব্রিজ এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে ২০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা রুহুল ও রতন শেখ পালিয়ে যেতে সক্ষম হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে চোলাই মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।