গাজীপুরে লেগুনার চাপায় বৃদ্ধ নিহত, আহত ৫

গাজীপুরে লেগুনার চাপায় বৃদ্ধ নিহত, আহত ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে লেগুনার চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা আব্দুল মালেক মৃধা (৮০) নামে এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন

বুধবার (১৮ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়কের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক গাজীপুর মহানগরের কোণাবাড়ীর আমবাগ এলাকায় সপরিবারে ভাড়াবাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল মালেক তার ছেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে শিববাড়ি এলাকায় পৌঁছালে একটি লেগুনা তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা আব্দুল মালেকসহ আরও পাঁচ-ছয়জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং তিন-চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর লেগুনাচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।