গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তুমুলিয়া পূর্বপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মামুন শেখ ওরফে ব্লাক মামুন (৪৫) এবং নাগরী ইউনিয়নের ছোট করান এলাকার মৃত জজ গমেজের ছেলে মদ ব্যবসায়ী নিলয় গমেজ (২৫)। তারা দু’জনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লার নেতৃত্বে বুধবার রাতে তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ ব্লাক মামুনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে নাগরী ইউনিয়নের ছোট করান এলাকায় অভিযান চালিয়ে নিলয় গমেজের বাড়ির একটি কক্ষের খাটের নিচ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মামুন শেখ ও নিলয় গমেজ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।”