গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক — তিনটি গুরুত্বপূর্ণ পদেই এল নতুন মুখ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি অবসর নেওয়া লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে আসছেন চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়ে এই দায়িত্ব নিচ্ছেন তিনি। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা সদর থেকে কচুক্ষেতের চোদ্দতলা ভবনে পাঠানো হচ্ছে তাঁকে। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ওই পদে বর্তমানে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। আর বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান যাচ্ছেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে।