হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে গুলি, যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে গুলি, যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধজাহাজে ইতিমধ্যে প্রাথমিক গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর একটি সূত্র। একই সঙ্গে সূত্রটি দাবি করেছে, এই প্রণালিতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বিবৃতিতে ওই সূত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন বাহিনীর ‘দাদাগিরি’ ইরান কখনো মেনে নেবে না—এটা আমেরিকানরা ভালোভাবেই জানে।

ইরানি সূত্রটি আরও জানান, ৪০ দিনের যুদ্ধের মতোই ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালিতে চলাচলের অনুমতি দেবে না। তিনি বলেন, “ইরানের সশস্ত্র বাহিনীর অনুমোদন ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন যুদ্ধজাহাজ চলাচল করতে পারবে না।”

সূত্রটি আরও সতর্ক করে দিয়ে বলেন, সকল জাহাজের উচিত ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং ‘আমেরিকানদের বোকামির’ মূল্য না দেওয়া।

মার্কিন যুদ্ধজাহাজে গোলাবর্ষণের পাশাপাশি ইরান আরও কিছু পরিকল্পনা তৈরি রেখেছে বলে জানান সূত্রটি। তিনি বলেন, “প্রয়োজন হলে সেগুলো কার্যকর করা হবে।”

এর আগে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রসহ যেকোনো বিদেশি সামরিক শক্তি হরমুজ প্রণালিতে প্রবেশ বা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হবে।

জেনারেল আবদোল্লাহি বলেন, “হরমুজ প্রণালির নিরাপত্তা আমরা পূর্ণ সক্ষমতার সঙ্গে নিশ্চিত করব। সকল বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে অনুরোধ করছি, সেখানে মোতায়েন ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় না করে প্রণালি অতিক্রমের চেষ্টা না করতে। অন্যথায় তাদের নিরাপত্তা বিপন্ন হতে পারে।”

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। এই পথে বৈশ্বিক তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি