বিশেষ প্রতিনিধি
ধানক্ষেত ডুবে গিয়েছে পানির তলায়। কোমর সমান সেই পানিতে দাঁড়িয়ে কাস্তে হাতে ধান কাটছেন স্বয়ং সংসদ সদস্য।
দৃশ্যটা অবাক করার মতো হলেও মঙ্গলবার (০৫ মে) সকালে এটাই ঘটেছে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলি বিলে।
বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে কৃষক মুহাম্মদ আল-আমিন শেখের পাশে গিয়ে দাঁড়িয়েছেন গাজীপুর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
শুধু পাশে দাঁড়ানো নয়, পোশাক গুটিয়ে নেমে পড়েছেন কোমর সমান পানিতে। সঙ্গে দলীয় নেতা-কর্মীরাও।

গায়ে তাদের বিশেষ টি-শার্ট — তাতে লেখা, ‘আপনার প্রয়োজনে আপনার পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।’
স্লোগানটি শুধু কাপড়ে লেখা নয়, এদিন তা কার্যত প্রমাণ করে দেখালেন এমপি আইউবী।
নেতা-কর্মীদের নিয়ে নিজেই নেতৃত্ব দিলেন ধান কাটার কাজে।

এলাকার মানুষ জানাচ্ছেন, এ মৌসুমে অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় নলি বিল-সহ আশপাশের বহু ধানক্ষেত ক্ষতির মুখে পড়েছে। সময়মতো ধান না কাটলে পুরো ফসল পানির তলায় পচে যেত। সেই মুহূর্তে এমপির এই উদ্যোগকে অসাধারণ বলে মনে করছেন স্থানীয়রা।