গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে তিনি রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে সোহাদার শারীরিক অবস্থার খোঁজ নেন।
সোহাদার শয্যাপাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগান এবং প্রয়োজনীয় সব চিকিৎসার আশ্বাস দেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় তিনি চিকিৎসায় কোনো ঘাটতি না রাখতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেন।
এর আগে সকালে সোহাদার খোঁজ নিতে হাসপাতালে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে সময় তিনি জানান, সোহাদা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন।
জানা গেছে, কালীগঞ্জের ভাইয়াসূতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা সোমবার গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে কালীগঞ্জের পিপুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে সোহাদার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা ও সহমর্মিতা প্রকাশ অব্যাহত রয়েছে।
কালীগঞ্জের ক্ষুদে ফুটবলার সোহাদার চিকিৎসার দায়িত্ব নিল সরকার, পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী