গাজীপুর কণ্ঠ ডেস্ক
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এবার ৬৪টি উপজেলা পরিষদ ও ৩৪টি পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১০ মে) বিকালে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারেরও বেশি আবেদন জমা হয়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি।
“আশা করছি, ঈদের আগেই এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবার ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে।”
এর আগে ২৯ মার্চ সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করাসহ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম প্রকাশ করে এনসিপি।
সেদিন ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
সেই ধারাবাহিকতায় এবার উপজেলা ও পৌরসভার জন্য ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল দলটি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রকাশ করার দাবি জানিয়েছেন।