গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুর মহানগরের গাছা থানার উজানপাড়া মহরের বাড়ি এলাকায় এক কিশোর অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম শুভ (১৬)। সে নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ সংবাদ মাধ্যমকে জানান, গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাত শুভ। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বাসা থেকে বের হয়। ভোরে উজানপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।