গাজীপুর কণ্ঠ ডেস্ক
বিদেশে ভিসার আবেদন করতে গিয়ে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট এখন থেকে অনলাইনে যাচাই করা যাবে — এ লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিদেশ ভ্রমণের ভিসা পেতে দূতাবাস বা ভিসা সেন্টারে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন নথি জমা দিতে হয়। কিন্তু এসব কাগজ তাৎক্ষণিকভাবে যাচাই করার কোনো কার্যকর ব্যবস্থা এত দিন ছিল না। এর ফলে ভিসা প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক ব্যয় দুটোই বাড়ছিল।
এই সমস্যা সমাধানে মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ একটি সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনের জন্য দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগ সার্টিফিকেটে বাধ্যতামূলকভাবে কিউআর কোড যুক্ত করতে হবে।
ওই কিউআর কোড স্ক্যান করলে যে তথ্যগুলো দেখা যাবে—গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরু ও শেষের স্থিতি (ব্যালেন্স), স্টেটমেন্ট তৈরির তারিখ।
এসব তথ্য কমপক্ষে ছয় মাস সংরক্ষণ করতে হবে এবং যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নির্দেশনা কার্যকর করতে দেশের সব ব্যাংককে আগামী ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় বিদ্যমান বিধিমালাও মেনে চলতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।