গাজীপুরে এক রাতে চার যুবকের মৃত্যু: পানিতে ডুবে দুজন, ট্রেনে কাটা পড়ে দুজন

পৃথক দুটি দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুরে এক রাতে চার যুবকের মৃত্যু: পানিতে ডুবে দুজন, ট্রেনে কাটা পড়ে দুজন

বিশেষ প্রতিনিধি

গাজীপুরে একই রাতে পৃথক দুটি দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। মহানগরের টঙ্গীতে তুরাগ নদীতে ডুবে দুই কিশোর এবং ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে আরও দুজনের প্রাণ গেছে।

বুধবার (১৩ মে) রাতে ঘটনা দুটি ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, বুধবার রাতে তুরাগ নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়।

নিহতরা হলেন তুরাগ থানা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইমরান হোসেন এবং একই এলাকার রানা মিয়ার ছেলে নোমান — দুজনের বয়সই ১৬ বছর।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মরদেহ উদ্ধার করে।

একই রাত প্রায় ১০টার দিকে ঢাকা-জয়দেবপুর জংশন রেলপথের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন সংলগ্ন ট্রেনে কাটা পড়ে আরও দুজন নিহত হন।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম জানান, নিহতদের একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপরজনের বয়স প্রায় ৩৫ বছর। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা ৷

স্থানীয় লোকজনের দাবি, তারা টিকটক ভিডিও করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে পুলিশ বলছে, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবদুল কাইয়ুম।