গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুর উপজেলায় বাড়ির কাছে জঙ্গল থেকে আসিফ মিয়া (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ডোয়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ মিয়া ওই এলাকার বাসিন্দা জাকির হোসেন ও আসমা খাতুনের ছেলে। তিনি তার নানা আবুল কালামের বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন।
আসিফের স্বজন আজহার উদ্দিন জানান, বুধবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি আসিফ। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জঙ্গলে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে আসিফের অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির আহমেদ বলেন, বাড়ির পাশেই আসিফের অটোরিকশা পড়ে ছিল। কিছুটা দূরে জঙ্গলে পাওয়া যায় তার মরদেহ। মরদেহের আশপাশে একটি ওড়না, ক্যাপ, দুই জোড়া জুতা ও নারীদের ব্যবহৃত চুলের ক্লিপ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।