ট্রাম্প-শি বৈঠক: তাইওয়ান ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, বাণিজ্যে অগ্রগতির ইঙ্গিত

ট্রাম্প-শি বৈঠক: তাইওয়ান ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, বাণিজ্যে অগ্রগতির ইঙ্গিত

রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে না সামলালে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত পর্যন্ত গড়াতে পারে। 

দুই দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে এই কঠোর বার্তা দেন চীনা নেতা।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে শি বলেন, তাইওয়ান প্রশ্নটি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি অবিবেচকভাবে পরিচালিত হলে দুই দেশকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিতে পারে। 

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

অন্যদিকে বাণিজ্য আলোচনায় ইতিবাচক সুর শোনা গেছে। শি ট্রাম্পকে জানান, দক্ষিণ কোরিয়ায় আগের দিন অনুষ্ঠিত বাণিজ্য আলোচনায় ‘ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক’ ফলাফল এসেছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, চীন বোয়িংয়ের বিমান কেনার বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র চীনের কাছে কৃষিপণ্য ও জ্বালানি বিক্রিতে আগ্রহী, যা দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে বলে ওয়াশিংটন আশা করছে।

বৈঠকে ইরান যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ এই পথ দিয়ে যায়। রুবিও বলেন, এই সংকট সমাধানে চীনেরও স্বার্থ রয়েছে, কারণ তাদের বহু জাহাজ উপসাগরে আটকে আছে।

সন্ধ্যায় রাষ্ট্রীয় ভোজসভায় লবস্টার স্যুপ, বেইজিং রোস্ট ডাক ও তিরামিসুসহ দশ পদের নৈশভোজ পরিবেশন করা হয়। শি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং এটি নষ্ট হতে দেওয়া যাবে না। ট্রাম্পও পাল্টা শি জিনপিংকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইলন মাস্ক ও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংসহ একাধিক শীর্ষ ব্যবসায়ী নেতা।