বিশেষ প্রতিনিধি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগ বাতিলসহ তিন দফা দাবিতে টানা দুই দিনের ‘ব্লকেড’ কর্মসূচির পর ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।
শিক্ষার্থীরা মঙ্গলবারও (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে গাছের গুঁড়ি, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র দিয়ে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেন। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, “রাজনৈতিক আখ্যান তৈরি করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না।” মামলা ও ভয়ভীতি দেখিয়ে তাদের দাবি থেকে সরানো সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন তারা। একইসঙ্গে নবনিযুক্ত উপাচার্যকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
ব্লকেডের কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, সভায় ঈদ-পরবর্তী একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে উপাচার্য কিছু নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি শিক্ষকদের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
রবিবারের সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় সদর মেট্রো থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, একটি মামলায় পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপর মামলাটি করেছেন ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম — নিজের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায়। এই মামলায়ও একই সংখ্যক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।