গাজীপুর কণ্ঠ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার ছেলে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতার কবরে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন।
সরকারের মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও বিএনপি নেতাদের মধ্যে রুহুল কবির রিজভী, মীর আবদুস সালাম, মাসুম আহমেদ তালুকদার, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবিব, আমিনুল হক, এসএম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা, মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম, শফিকুল আলম মিল্টন, রফিকুল ইসলাম বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পণের পর বিএনপি চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন।
শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। এরপর সেনাপ্রধান হন জিয়াউর রহমান।
ওই বছরের ৭ নভেম্বর ‘সিপাহি-জনতার বিপ্লবের’ পর রাষ্ট্রপতি বিচারপতি এএসএম সায়েমের নেতৃত্বে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে জিয়া ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ১৯৭৮ সালের ২১ এপ্রিল।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে এক দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়া। বিএনপি দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে শনিবার ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে বিএনপির পতাকা অর্ধনমিত রাখা হয়; তোলা হয় জাতীয় পতাকা ও কালো পতাকা।
বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, এ্যাব, ওলামা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠন জিয়ার কবরে ফুল দেয়।
জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির আট দিনের কর্মসূচি শুরু হয় গত ২৫ মে। এর অংশ হিসেবে রোববার বেলা আড়াটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।
শনিবার শ্রদ্ধা নিবেদনের পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মানিক মিয়া অ্যাভিনিউর টিঅ্যান্ডটি মাঠে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন।
দিনটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিশেষ পোস্টার প্রকাশ করেছে। বিভিন্ন অঙ্গসংগঠন ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে জিয়ার জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।