গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে অজ্ঞাত এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মুখে বীভৎস আঘাতের চিহ্ন দেখে স্থানীয়রা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
মঙ্গলবার (২ জুন) ভোরবেলা তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন এলাকায় সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের মুখের ডান দিকে বীভৎস আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার পড়নে জলপাই-সবুজ রঙের টি-শার্ট ও সাদা চেক ট্রাউজার ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের পরিচয় ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে, আশপাশের কোথাও হত্যা করে লাশ এই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।