নারী-শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে হরিজন ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

সংগঠনটি এসব কর্মকাণ্ডকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে।

নারী-শিশু ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে হরিজন ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি

দেশে গত এক মাসে নারী ও শিশু ধর্ষণ, যৌন হয়রানি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জমি দখলের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনটি এসব কর্মকাণ্ডকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে।

মঙ্গলবার (০২ জুন) দুপুরে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান সুদর্শন কুমার বাশফোর এই উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি এসব অপরাধ দমনে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

লিখিত বক্তব্যে সুদর্শন কুমার বলেন, ‘গত এক মাসে দেশে নারী ও শিশুদের ওপর অপরাধের মাত্রা বেড়েছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা ও জমি দখলের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং মানবাধিকারের চরম পরিপন্থী।’

দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে দাবি করে তিনি আরও বলেন, ‘কে বা কারা সাম্প্রদায়িক সম্প্রীতির এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে এবং শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অনতিবিলম্বে এই অপরাধী চক্র ও পর্দার আড়ালের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সঞ্জিব রায় তপন ও আশিষ কুমার অঞ্জন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জয়রাজ বাশফোর, গাজীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক সঞ্জয় বাশফোর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।