গাজীপুর কণ্ঠ ডেস্ক
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে তারেক রহমান সরকারের মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (১১ জুন) সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার এই বৈঠক বসেছিল সকাল ১০টায়।
বেলা ১টার দিকে মন্ত্রিসভার বৈঠকের পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেট প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।”
বাজেট বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করার পরে বিকাল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট উপস্থাপন করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি জাতীয় বাজেট দিতে যাচ্ছে দীর্ঘ ১৯ বছর বাদে।
এবারের বাজেটে এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা; রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার নির্বাচিত সরকার সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।