গাজীপুর কণ্ঠ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের পুলিশ দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। দুদকের দায়ের করা একটি মামলায় ইন্টারপোলের সহায়তায় এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
রবিবার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করে বলেন, “প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র জানায়, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ বাংলাদেশ ছেড়ে যান। তবে সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এরপর থেকে তিনি জনসম্মুখে আর দেখা দেননি।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বর্তমান ও সাবেক উভয় কর্মকর্তাই ওই নিষেধাজ্ঞার আওতায় পড়েন। বেনজীর আহমেদের নামও সেই তালিকায় ছিল। উল্লেখ্য, নিষেধাজ্ঞা আরোপের সময় তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।