২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা

২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামী এক বছর দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছে সরকার। চলতি বছরের ২৫ মে থেকে শুরু হয়েছে এই উৎসব চলবে, তা চলমান থাকবে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত।

রবিবার (১৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।

গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন তিনি আনুষ্ঠানিকভাবে এই ‘নজরুল বর্ষ’পালনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নিতাই রায় চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান সেভাবে উপস্থাপিত হয়নি। বর্তমান সরকার কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি প্রদান করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের সময়েও নজরুলের সৃষ্টি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে বক্তব্যে স্মরণ করা হয়।

নজরুল বর্ষের মূল কর্মপরিকল্পনা

১. জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন।

২. নজরুল বর্ষের জন্য বিশেষ লোগো, পোস্টার এবং ক্যালেন্ডার প্রণয়ন।

৩. স্মারক ডাকটিকিট প্রকাশ।

৪. ১৮-২০ জুন ২০২৬ পর্যন্ত দেশের ৬৪টি জেলা এবং ৭৪টি প্রত্যন্ত ও বিশেষ উপজেলায় ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন। এই আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বাজেট থেকে ইতিমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

৫. কবির সাহিত্যকর্ম, সংগীত ইত্যাদি বিষয়ে গবেষণার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।

৬. আন্তর্জাতিক পর্যায়ে নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।