গাজীপুর কণ্ঠ ডেস্ক
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের এবং তাঁর পরিবারের সদস্যসহ মোট ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।
বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়াই এই পরোয়ানার কারণ।
রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত একটি মামলায় গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
১৪ মে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।
তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন—আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরীর বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা কার্যকর হলে অভিযুক্তদের যেকোনো সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আদালতে হাজির করা হতে পারে।