কালীগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৯ শিক্ষার্থী

কালীগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৯ শিক্ষার্থী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জ উপজেলায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৬-এর প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৯ জন পরীক্ষার্থী। 

বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশের সঙ্গে একযোগে শুরু হওয়া এই পরীক্ষায় উপজেলার তিনটি কেন্দ্রে মোট এক হাজার তিনশত চৌত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন এক হাজার তিনশত পাঁচ জন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কালীগঞ্জে এইচএসসিতে দুটি ও আলিমে একটি কেন্দ্র রয়েছে। সামান্য সংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি ছাড়া সার্বিকভাবে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পরীক্ষার প্রথম দিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তাঁরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ ছাড়া পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।