গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এই বিস্ফোরণ ঘটে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত সংবাদ মাধ্যমকে জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটায়।

তার ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে এতে কেউ আহত হননি।
ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা প্রতিবাদী মিছিল করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। সেখানকার কর্মসূচি শেষে নাহিদ ইসলাম সাভারে আসেন।
কালীগঞ্জের পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান প্রমুখ।
আরো জানতে…..
কালীগঞ্জ থেকে শুরু হলো এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’
জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ আসছে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা