কালীগঞ্জ থেকে শুরু হলো এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’

পদযাত্রায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবি তোলেন এনসিপি'র নেতৃবৃন্দ।

কালীগঞ্জ থেকে শুরু হলো এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’

গাজীপুর কণ্ঠ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবি করেন এনসিপি’র নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমিন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু প্রমুখ।

আয়োজকেরা জানান, এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও এই সমাবেশে অংশ নেন।

দেশব্যাপী চলমান জুলাই পদযাত্রার এই সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।