মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

মিসরকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করে স্ক্যালোনি বলেন, দলটিতে উঁচুমানের খেলোয়াড় আছে এবং কোচও দীর্ঘদিন ধরে কাজ করছেন।

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

গাজীপুর কণ্ঠ, খেলা ডেস্ক

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার মিসরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্ক্যালোনি বারবার ফিরে গেছেন কেপ ভার্দের বিপক্ষে পাওয়া কঠিন অভিজ্ঞতার প্রসঙ্গে, যা আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে প্রায় ছেদ ফেলে দিয়েছিল।

চার ম্যাচের চারটিতেই জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনা কোচ সতর্ক।

তার মতে, চ্যাম্পিয়ন বা ফেবারিট তকমা মাঠের লড়াইয়ে কোনও নিশ্চয়তা দেয় না। স্ক্যালোনি বলেন, কেপ ভার্দের বিপক্ষে দলের লড়াকু মানসিকতাই তাদের বাঁচিয়েছিল। সেই দৃঢ়তা না থাকলে টুর্নামেন্ট থেকে তারাও ছিটকে যেতে পারত।

শেষ ষোলোর আগে নরওয়ের কাছে ব্রাজিলের হার নিয়ে স্ক্যালোনি বলেন, অনুশীলনের ফাঁকে ম্যাচের খণ্ডাংশ দেখেছেন তিনি। নরওয়েকে তিনি ভালো দল বলে বর্ণনা করেন এবং মন্তব্য করেন, শেষদিকে এনদ্রিকের গোলটি হয়ে গেলে ফল ভিন্ন হতে পারত।

তার ভাষায়, ব্রাজিলের সঙ্গে যা ঘটেছে তা কেপ ভার্দে ম্যাচে তাদের সঙ্গেও ঘটতে পারত, এবং এই বিশ্বকাপে যে কারও সঙ্গেই ঘটতে পারে।

স্ক্যালোনির মূল্যায়নে, এই আসরে কোনও দলই একচেটিয়া আধিপত্য দেখাতে পারছে না।

তিনি উদাহরণ দেন, ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে ও স্পেনকে পর্তুগালের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে।

তার ব্যাখ্যা—প্রতিপক্ষদের মানও বেড়ে যাওয়ায় কোনও দলই আগের মতো সহজে জিততে পারছে না।

মিসরকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করে স্ক্যালোনি বলেন, দলটিতে উঁচুমানের খেলোয়াড় আছে এবং কোচও দীর্ঘদিন ধরে কাজ করছেন।

মোহাম্মদ সালাহর প্রসঙ্গে তিনি বলেন, তার মুখোমুখি হওয়াটা তার জন্য আনন্দের বিষয়। তবে দলগতভাবে সতর্কতা বজায় রাখার কথাই বারবার জোর দিয়ে বলেছেন তিনি।

স্ক্যালোনি জানান, কেপ ভার্দে ম্যাচে হঠাৎ কাউন্টার অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হওয়ার পুনরাবৃত্তি এড়াতে চান তারা। বলের দখল ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিপক্ষকে দ্রুত পাল্টা আক্রমণের সুযোগ না দেওয়াই মূল লক্ষ্য বলে জানান তিনি।