গাজীপুর কণ্ঠ ডেস্ক
টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় পৃথক পাহাড়ধসের ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোরে চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় একটি বসতঘরের ওপর পাহাড়ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন।
একই দিন ভোরে চকরিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া-পাগলির ঝিরি এলাকায় পৃথক দুটি ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার সংবাদ মাধ্যমকে জানান, ভোরে মছনিয়াকাটা এলাকায় একটি বসতঘরে পাহাড়ধসে দুই শিশু ও তাদের মা মাটিচাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের নাম এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন ইউএনও।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে দুটি পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। একটি ঘটনায় একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় স্বামী-স্ত্রী মারা যান।
নিহতরা হলেন— মিশনপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৪০), তাঁর স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের ছেলে মোহাম্মদ সোলেমান (৫)। অপর ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল (৩৪) ও তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫) মাটিচাপা পড়ে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাহাড়ধসের পর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার সংবাদ মাধ্যমকে বলেন, লামার আজিজনগরে পৃথক দুটি ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।