গাজীপুরে প্রায় ১৪০ লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ২

গাজীপুরে প্রায় ১৪০ লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি 

গাজীপুরে প্রায় ১৪০ লিটার বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। 

সোমবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— শেরপুরের নালিতাবাড়ী থানার পলাশীকুড়া এলাকার মো. ফয়সাল আহমেদ (২২) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগঝাপা এলাকার হৃদয় শেখ (৩৪)।

গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মহানগরের পোড়াবাড়ী এলাকায় রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দখল থেকে ১৩৯.৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই দুই মাদক ব্যবসায়ীকে জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে।