গাজীপুর কণ্ঠ ডেস্ক
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে ১৩ বছর মেয়াদে ৭৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী এর সম্ভাব্য মূল্য প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সংস্থা পেট্রোবাংলা এ ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি বছর ছয়টি করে এলএনজি কার্গো আমদানি করা হবে।
সরকারের ভাষ্য, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে প্রস্তাবটি নিয়ে আইনগত প্রশ্নও উঠেছে। কারণ, জিটুজি বা সরকার-থেকে-সরকার চুক্তি সাধারণত দুই দেশের সরকার বা সরকার-মনোনীত প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে। কিন্তু গানভর ইউএসএ এলএলসি একটি বেসরকারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংবাদ মাধ্যমকে বলেন, প্রথম ধাপেই ১৩ বছরের চুক্তি চূড়ান্ত নাও হতে পারে। সেপ্টেম্বর থেকে এলএনজি সরবরাহ শুরু হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যকারিতা মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যিক সমঝোতার ভিত্তিতে এবং সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুসরণ করেই এই প্রক্রিয়া এগোনো হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে মনোনীত না করে থাকে, তাহলে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জিটুজি চুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২১ থেকে ২২ মার্কিন ডলারের মধ্যে রয়েছে। সে হিসাবে ৭৮ কার্গো এলএনজি আমদানির সম্ভাব্য ব্যয় প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।