গাজীপুর কণ্ঠ ডেস্ক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মী ও স্থানীয় ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে এনসিপির শীর্ষস্থানীয় দুই নেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের টাউন হল এলাকায় এই ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, পদযাত্রা শেষে ফেরার পথে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হঠাৎ হামলা চালান স্থানীয় ছাত্রদল কর্মীরা। এতে দুই নেতাসহ স্থানীয় এনসিপি নেতা মুবিন এবং সংবাদকর্মীরাও আহত হন বলে দাবি দলটির।
হামলার পর কিছু সময়ের জন্য সারজিস ও নাসীরুদ্দীনকে শহরের একটি ব্যাংক শাখায় অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় সার্কিট হাউজে নিয়ে যায়। এ সময় সাংবাদিকদের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয়।
স্থানীয় ছাত্রদল নেতাদের বক্তব্য অনুযায়ী, সংঘর্ষের নেপথ্যে রয়েছে একই দিন দুপুরের একটি ঘটনা। তাদের অভিযোগ, আজমিরীগঞ্জে এক সমাবেশে এনসিপি নেতারা বিএনপির স্থানীয় নেতাদের উদ্দেশ করে ‘গুণ্ডাবাহিনী’ শব্দ ব্যবহার করেন, যা নিয়ে ছাত্রদল কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সেই ক্ষোভের জেরে সন্ধ্যায় এনসিপির পদযাত্রা শেষ হওয়ার পরপরই টাউন হল এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রদল নেতাকর্মীরা, যা পরে সংঘর্ষে রূপ নেয় বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন সংবাদ মাধ্যমকে জানান, এনসিপির কর্মসূচি শেষে ছাত্রদলের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এনসিপি নেতাদের নিরাপদে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।